গোল্ডেন এইজ সাউথ জ্যামাইকা পথমেলায় মানুষের ছিল উপচেপরা ভীড়
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
.
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির নতুন বসতি সাউথ জ্যামাইকায় অনুষ্ঠিত হল জমজমাট পথমেলা। ২৭ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কের জনপ্রিয় হোমকেয়ার প্রতিষ্ঠান গোল্ডেন এইজ হোমকেয়ার এই পথমেলার আয়োজন করে।
ছোট, বড় সব বয়সী মানুষের উপস্থিতি মেলাকে করে তোলে প্রাণবন্ত, উপভোগ্য। নাচ, গান, র্যাফেল ড্র আর শুভেচ্ছা বক্তৃতায় সাজানো অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন পথমেলার আহবায়ক বেলাল আহমেদ।
নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক সোনিয়ার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, গোল্ডেন এইজ হোমকেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। তিনি বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে। এটা আমাদের কমিউনিটির প্রতি আমার প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ। কারণ শুধু ব্যবসা আমাদের উদ্দেশ্য নয়, কমিউনিটির মানুষের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তোলা আমাদের লক্ষ্য।
পথমেলায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব প্রমূখ।
সবশেষে ছিল মেলার আকর্ষণীয় ইভেন্ট র্যাফেল ড্র। আর এতে বিজয়ীরা তোলেন তৃপ্তির ঢেকুর। সাউথ জ্যামাইকা পথমেলায় স্থান পায় অর্ধশতাধিক স্টল। বাহারী পণ্যের বেচাকেনায় স্টলগুলো ছিল জমজমাট।
সবকিছু মিলিয়ে এক অসাধারণ দিন কাটালেন সাউথ জ্যামাইকাবাসী।