শনিবার, ১৬ মে, ২০২৬
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 20-R2-এর ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হওয়ায় আজকাল সম্পাদক, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এবং গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজকে শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের সাধারণ মানুষ। সব শ্রেণী পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত শাহ নেওয়াজ তখন অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন।
শারমিনা সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মোহাম্মদ শহীদুল্লাহ। পরে শাহ নেওয়াজ গ্রুপের ডিরেক্টর মিডিয়া সাংবাদিক ফরিদ আলম, গোল্ডেন এইজ হোম কেয়ারের ডিজিএম বেলাল আহমেদ, আজকাল’র জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক, শাহ নেওয়াজ গ্রুপের ডিজিএম অনিক রাজ শুভেচ্ছা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে লায়ন শাহনেওয়াজ বলেন, আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ। এই ভালোবাসা আমরা চিরদিন মনে রাখবো। আমাদের পরিবার, প্রতিষ্ঠান ও কাজকে নিয়ে আপনাদের মূল্যায়ন আমাদের জন্য গর্বের। তিনি আরও বলেন, প্রবাসে প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসা নয়, ঐক্যই কমিউনিটির শক্তি। লায়ন শাহ নেওয়াজের সহধর্মিনী রানো নেওয়াজ বলেন, স্বল্প সময়ে এত মানুষের উপস্থিতি আমাদের অভিভূত করেছে। এটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভালোবাসার প্রমাণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ নেওয়াজের মতো একজন মানবিক ও পরোপকারী ব্যক্তির লায়ন্স ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংগঠনে ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর পদে নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে তিনি গভর্নর ও আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, আগামীতে তিনি গভর্নর নির্বাচিত হওয়ার পর গোটা কমিউনিটির সবাই এক হয়ে বড় মাপের নাগরিক সংবর্ধনার আয়োজন করব। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি, রেশমি মির্জা, কামরুজ্জামান বকুলসহ অনেকে। শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।