বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউইয়র্কের ইভানজেল ক্রিস্টিয়ান সেন্টারে তিনদিনব্যাপী ৪০তম ফোবানা কনভেনশন শেষ হল রোববার। পরবর্তী ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।
ওয়াশিংটন ফোবানায় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন জাকারিয়া চৌধুরী। এছাড়া এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান নূরুল আমিন বাবু, শফিকুল আলম, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার,মাহমুদুল হাসান,কোষাধ্যক্ষ হিসাবে থাকবেন সাজ্জাদুর হাসান । জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আয়োজিত এ কনভেনশন ছিল প্রাণবন্ত, উপভোগ্য। সমাপনী দিন তথা রোববার দুপুরে শুরু হয় কনভেনশনের ৩য় দিনের আয়োজন। সেমিনার, মা কে নিয়ে আবৃত্তি ও ফোবানার এজিএম চলে সন্ধ্যা পর্যন্ত।
এর পর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। নাজু আকন্দ, টিনা রাসেলের গান প্রীণভরে উপভোগ করেন উপস্থিত সকলে। ছিল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র স্মরণে স্মৃতিকথা। এতে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর সহশিল্পী চিত্রনায়িকা মৌসুমী । এ সময় প্রয়াত সালমান শাহ’র অভিনীত ছবির গানও গেয়ে শোনান মৌসুমী। সবশেষে ৩ দিনের ফোবানা কনভেনশন’র সমাপ্তি ঘোষণা করেন কনভেনশন’র প্রধান উপদেষ্টা লেখক, গবেষক ও বিজ্ঞানী ড. নূরন নবী।
এ সময় দর্শক-শ্রোতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, ফোবানা হোস্ট কমিটির আহবায়ক নূরুল আমিন বাবু, প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম এবং হোস্ট কমিটির সদস্য সচিব মনজুর কাদের।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।