বুধবার, ২০ মে, ২০২৬
গত ১৭ মে রোববার বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কের জ্যাকসন হাইটস ছিল বাংলাদেশময়। এদিন বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল দেখার মত।
বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়ো হতে থাকে জ্যাকসন হাইটসের ৩৭তম এভিনিউ র উপর ৬৯ স্ট্রীটে। ইতিমধ্যেই আয়োজকরা জানিয়েছিলেন যে, ১২০ টি সংগঠন প্যারেডে অংশ নিতে নিবন্ধন করেছে। যথাসময়ে বিভিন্ন সংগঠনের মানুষ খোলা ট্রাকে সাজানো স্টেজের সামনে দাঁড়িয়ে যান। বেশ কিছু সংগঠনের স্বকীয়তা ছিল চোখে পড়ার মত। বিশেষ করে বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা’র বিপুল সংখ্যক সদস্য প্যারেডে যোগ দিয়ে একদিকে যেমন দেশের প্রতি তাঁদের ভালোবাসা ফুটিয়ে তোলেন , তেমনি বাংলাদেশ ডে প্যারেডকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করেন।
বেলা ১১টায় বাংলাদেশ ডে প্যারেডের সদস্য সচিব ফাহাদ সোলায়মান এবং শারমিনা সিরাজ সোনিয়ার পরিচালনায় শুরু হয় প্যারেডপূর্ব সমাবেশ। এ সময় আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন প্যারেড চেযারম্যান এটর্নি মঈন চৌধুরী, আহবায়ক গিয়াস আহমেদ, গ্র্যান্ড মার্শাল এম এ আজিজ, গ্র্যান্ড মার্শাল এম এম শাহীন, ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রাসেল, প্যারেড মার্শাল আব্দুস সোবহান,কো অর্ডিনেটর আব্দুল কাদের শিশির, ম্যানেজিং পার্টনার ফয়সাল আজিজ। আয়োজকরা প্যারেডে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
হাজারো প্রবাসীর সাথে এ প্যারেডে অংশ নিয়ে কংগ্রেস, স্টেট, সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিরাও বহুজাতিক এ সমাজে বাংলাদেশিদের উত্থানের জয়গান গেয়েছেন। অতিথির মধ্যে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান টম সোউজি, স্টেট সিনেটর জেসিকা গঞ্জালেজ, স্টেট এসেম্বলীওম্যান ক্যাটালিনা ক্রুজ, স্টিভেন রাগা, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান। সমাবেশে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বক্তৃতা করেন বাংলাদেশ ডে প্যারেডের সাবেক গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ,নাসির আলী খান পল, ফখরুল আলম, সাখাওয়াত হোসেন আজম, নূরুল আজিম, ডা. বর্নালী হাসান, মঈনুল ইসলাম, মঈনু জামান, দেওয়ান কায়সারসহ অনেকে।
বেলা ১২টায় শুরু হওয়া প্যারেডে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশি অফিসাররা ছিলেন সকলের মধ্যমনি। আমেরিকায় দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ব্যস্ততম ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে এ প্যারেড যায় ৩৭ এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে। যান চলাচল বন্ধ করে দীর্ঘ এ পথের দু’পাশে ছিলেন পুলিশ অফিসারেরা। সুশঙ্খলভাবে অনুষ্ঠিত প্যারেডে বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ছাড়াও কণ্ঠশিল্পীরাও ফ্লটে ছিলেন। প্রবাসের জনপ্রিয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নেচে-গেয়ে পুরো প্যারেড মাতিয়ে রেখেছিলেন। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন তানজিন তিশা, চন্চল চৌধুরী, রিচি সোলায়মান, সজল নূর, সঙ্গীত শিল্পী তৃণিয়া হাসান, নাজু আকন্দ, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, আফতাব জনিসহ অনেক।
এ সময় দু’পাশের ভিনদেশিরাও বিমুগ্ধচিত্তে অবলোকন করেন বাঙালির ইতিহাস-ঐতিহ্য। তারকা অতিথি ও সঙ্গীত শিল্পী সবাই মিলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাংলাদেশ ডে প্যারেডের সকল আয়োজনের ইতি টানেন। সবশেষে বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল এম এ আজিজ প্যারেডে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে প্যারেডের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।