ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। নিউইয়র্কে ফুটবলপ্রেমীদের ঢল নামার আগেই শহরের প্রশাসন পুরোপুরি সতর্ক।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোকুল বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সিটি এই বিশাল আয়োজনের জন্য পুরোপুরি তৈরি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার প্রথমটি ১৩ জুন। প্রতিটি ম্যাচের দিনকে "গ্রিডলক অ্যালার্ট ডে" হিসেবে ঘোষণা করা হয়েছে। নগরবাসীকে গাড়ি না নিয়ে সাবওয়ে, হাঁটা বা সাইকেলে চলাচল করতে বলা হচ্ছে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বাড়তি যাত্রীদের সামলাতে অতিরিক্ত ট্রেন চালাবে।
ম্যাচের দিন ম্যনহাটনের ৩০ থেকে ৬০ স্ট্রিটের মধ্যে ট্রাক চলাচল বন্ধ থাকবে — ম্যাচ শুরুর ছয় ঘণ্টা আগে থেকে শেষের তিন ঘণ্টা পর পর্যন্ত। ৪২ স্ট্রিটে কেবল ফিফার শাটল বাস, এমটিএ বাস ও জরুরি যানবাহন চলতে পারবে।
নিরাপত্তার ব্যাপারেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এনওয়াইপিডি কর্মকর্তারা ১২ ঘণ্টার শিফটে কাজ করবেন। পেন স্টেশন, গ্র্যান্ড সেন্ট্রাল ও পোর্ট অথরিটিতে টহল বাড়ানো হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারিও জোরদার করা হয়েছে।
এনজে ট্রানজিট প্রতি ম্যাচে ৪০ হাজার দর্শক বহন করবে বলে ধারণা করছে। নিউজার্সির নিয়মিত যাত্রীদের ম্যাচের দিন কাজের সময় পরিবর্তন বা বাড়ি থেকে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। নিউইয়র্ক পেন স্টেশন থেকে নিউজার্সিগামী ট্রেন ম্যাচের চার ঘণ্টা আগে থেকে শুধু বিশ্বকাপের টিকিটধারীদের জন্য সংরক্ষিত থাকবে।
বিশ্বকাপ উপলক্ষে নিউইয়র্ক অঞ্চলে ১২ লাখেরও বেশি পর্যটক আসবেন বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে ৩৩০ কোটি ডলারের প্রভাব ফেলবে।
মেয়র মামদানি বলেছেন, "আমরা এই মুহূর্তের জন্য প্রস্তুত, কারণ আমরা নিউইয়র্ক। ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড থেকে এনবিএ ফাইনাল — বড় আয়োজন আমাদের স্বভাবে।" আর গভর্নর হোকুল বললেন সহজ কথায়, "আমরা পারব।"