বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার প্রার্থিতা চূড়ান্ত হওয়ার বিষয়টি জানান।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শূন্য পদে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।