বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
নিউইয়র্কে কুমিল্লা কিংস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জ্যামাইকা রাইডার্স। তারা ফাইনালের প্রতিপক্ষ নাইন স্টারকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
দুইদিনই বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকানসহ অন্য সম্প্রদায়ের মানুষ টুর্নামেন্টটি উপভোগ করেন। বিশেষ করে ফাইনালের রাতে তিনটা পর্যন্ত দর্শকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসাবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু। এ সময় উপস্থিত ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান আকাশ রহমান, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, কাজি তোফায়েল ইসলাম, ওয়াহেদ কাজি এলিন, আলমগীর সরকার, প্রফেসর বাসির উদ্দিন, মোহাম্মদ কাশেম, হাজী এনাম, সিদ্দিক পাটোয়ারী, কাওছার আলম, মির্জা দস্তগীরসহ অনেকে।
এ সময় বক্তরা তরুন প্রজন্মের স্বার্থে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন, এ ধরণের ভাল উদ্যোগে আমরা তরুনদের পাশে থাকব। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাঈদুল ইসলাম রিয়াদসহ একদল উদ্যমী তরুন। সবশেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।