রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে নিউইয়র্কে শুরু হল ৩ দিনের ফোবানা কনভেনশন-২০২৬। শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের লংআইল্যান্ড সিটির ইভানজেল ক্রিস্টিয়ান সেন্টার অডিটোরিয়ামে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু ফোবানা কনভেনশন-২০২৬।
এ সময় শুভেচ্ছা বক্তৃতা করেন ফোবানার প্রধান উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী, গবেষক, লেখক ড. নূরুন নবী, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান,ফোবানা কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব দেওয়ান মনিরুজ্জামান, ফোবানা আয়োজক কমিটির চিফ পেট্রন শফিকুল আলম, সদস্য সচিব মনজুর কাদেরসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। তাঁকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনাও করা যায়না। কিন্তু আজ দেশে সেই চেষ্টাই করা হচ্ছে। তাঁর স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ কখনও তা হতে দেবেনা। তারা বলেন, এই ফোবানা কনভেনশন বঙ্গবন্ধুকে উৎসর্গ করে একটি যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য বক্তারা, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। পরে ৪০তম ফোবানার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফোবানা আয়োজক কমিটির আহবায়ক নূরুল আমিন বাবু। এ সময় গোটা অডিটোরিয়ামে উপস্থিত দর্শক-শ্রোতা করতালির মাধ্যমে এই ঘোষণাকে স্বাগত জানান। শুভেচ্ছা বক্তৃতার পর ছিল থিম সং।
এটি পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব ও বিন্দু কনা। উল্লেখ্য, থিম সং টি লিখেছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক হুমায়ন কবির ঢালি। আর সুর করেছেন ইবরার টিপু। দিনের সবচেয়ে দৃষ্টিনন্দন ইভেন্ট ছিল বিপা পরিবেশিত গীতিনাট্য ‘জয় বাংলা’। এতে অংশ নেন বিপা’র শিল্পীরা। পরিচালনায় ছিলেন বিপা’র সহ প্রতিষ্ঠাতা এ্যানি চৌধুরী এবং আর ধারা বর্ণনায় ছিলেন জেরিন মাইশা। ৪০তম ফোবানা’র প্রথম দিনে নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য বিপা’র দুই সহপ্রতিষ্ঠাতা যথাক্রমে সেলিমা আশরাফ ও এ্যানি চৌধুরী এবং শিল্পী দিনাত জাহান মুন্নির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সবশেষে ছিল সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন সেলিমা আশরাফ, দিনাত জাহান মুন্নি, আলভান চৌধুরী এবং জেরিন মাইশা। বিপুল সংখ্যক মানুষ প্রথম দিনের নানা আয়োজন উপভোগ করেন। প্রথম দিনের আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল হামিদ, মিনহাজ আহমেদ, গোপাল স্যান্যাল, শিবলী সাদিক, পিনাকি তালুকদার, রামস্বামী ঘরামি, লিটু আনামসহ অনেকে। প্রথম দিনের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।