রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের সফল সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইটটি দুবাই হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিশ্বমঞ্চে নীতি-কৌশল ও 'থ্রি-আর' রূপরেখা সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। ২৪ সেপ্টেম্বর প্রদত্ত এই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের দাবি জানান। বক্তব্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে একটি বৈশ্বিক ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ (থ্রি-আর) কৌশল তুলে ধরেন।
কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সংলাপে ব্যাপক তৎপরতা পাঁচ দিনের এই সফরে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় কূটনৈতিক কার্যক্রমে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। তিনি বেশ কয়েকজন বিশ্বনেতা ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন: তুরস্ক ও পাকিস্তান: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সমসাময়িক বিষয়ে আলোচনা করেন।
আঞ্চলিক মিত্র: ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ দেন। অন্যান্য দেশ: ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে বাণিজ্য, শক্তি ও জনশক্তি খাতে নতুন সম্ভাবনার বিষয়ে বৈঠক করেন। বিশ্ব সংস্থাসমূহ ও মানবিক সহায়তা বৈঠক মানবিক ও বৈশ্বিক উন্নয়ন ইস্যুগুলোতে জোর দিতে প্রধানমন্ত্রী বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে। এছাড়া গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্যসেবা, টিকাদান ও মানবিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন।
অর্থনৈতিক কূটনীতি ও এভিয়েশন চুক্তি অর্থনৈতিক কূটনীতির অন্যতম বড় সাফল্য হিসেবে সফরকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া সফরের শেষ দিনে ম্যানহাটনে জেপিমরগানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু ও স্বাস্থ্য খাতের বৈশ্বিক অঙ্গীকার প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিবিষয়ক দুটি উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেন। তিনি উন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে জলবায়ু অর্থায়নের আহ্বান জানান।
অন্যদিকে, বাংলাদেশ-সুইডেন-ইউএনএফপিএ আয়োজিত ধাত্রীবিদ্যা সংক্রান্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘সুস্থ বাংলাদেশ’ গড়ার দূরদর্শী পরিকল্পনা উন্মোচন করেন। তিনি স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন কর্মী নিয়োগের (যার মধ্যে ৮০ হাজার নারী এবং ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ) পাশাপাশি সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালুর ঘোষণা দেন। সমগ্র সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা এবং বিশ্ব শান্তি ও মানবিক উন্নয়নে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।