রবিবার, ১০ জুলাই, ২০২২
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে। দেশটির প্রায় তিন হাজার মসজিদ ও খোলা মাঠে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ঈদ জামাত আদায় করেন।
নিউইয়র্কে চমৎকার আবহাওয়ায় সকাল থেকেই মসজিদ ও ঈদগা অভিমুখে মুসল্লিদের ঢল নামে।
ঈদ জামাত শেষে খুতবা পাঠ করেন ইমামগণ। ১ম জামাত শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ। তিনি ত্যাগের মহিমায় নিজেদেরকে উৎসর্গ করার আহবান জানান।
এছাড়া অন্যান্য ইমামগণ ইসলামী শরীয়তের বিধান মেনে ঈদ আনন্দ উপভোগ করার আহবান জানান।
এর আগে ডিস্ট্রিক্ট-২৩ থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান লিন্ডা লি মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানান।
ঈদের নামাজের পর ছোট বড় বয়েসি মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। প্রকাশ করেন তাদের উচ্ছাস। তারা বলেন, প্রবাসে থেকেও আমরা দেশি আমেজে ঈদ উদযাপন করছি।
নিউইয়র্কের জ্যামাইকা ছাড়াও জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রন্কস, লংআইল্যান্ডেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া লস এন্জেলস, ডালাস , টেক্সাস, নিউজার্সিসহ বিভিন্ন স্টেটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি আমেরিকানসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা অংশ নেন।
ঈদ জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান কোরবানী করতে।
অন্যদিকে ঈদ উপলক্ষে নিউইয়র্কে প্রতিটি বাঙ্গালী পরিবারে ছিল বিশেষ খাবারের ব্যবস্থা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।