শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩
ঐক্য ডটকম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০২৩’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের গুলশান টোরেসে। সোমবার যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে বাছাইকৃত শিল্পীদের মধ্য থেকে ঢাকার মুলপর্বের জন্য সেরা পাঁচজনকে নির্বাচিত করা হয়।
সোমবার দুপুর ২টায় যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে সেমিফাইনালের জন্য নির্বাচিত ২১ জন শিল্পীর মধ্য থেকে সেরা ৯ জন প্রতিযোগিকে নির্বাচন করা হয়। বিজ্ঞ বিচারক মন্ডলী উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী একুশে পদকপ্রাপ্ত রিজওয়ানা চৌধুরী বন্যা,একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায়,স্বাধীন বাংলা কেন্দ্রের শিল্পী শহীদ হাসান এই ৯ জনকে নির্বাচন করেন। উপস্থাপক প্যানেলের পক্ষে বিচারকদের রায় ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক আদিত্য শাহীন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপস্থাপনায় থাকা অন্যান্য সদস্য যথাক্রমে শাহ ফারুক রহমান,শুভ রায়, প্রতিমা সুমি, অনিন্দিতা ভট্টাচার্য।
এ সময় আধ ঘন্টার বিরতিকালে কথা বলেন চানেল আই য়ুক্তরাষ্ট্রের হেড অব অপারেশন্স রাশেদ আহমেদ। তিনি বলেন, লম্বা সময় ধরে অডিশন চলাকালীণ আমাদের ডাকে যারা সাড়া দিয়েছেন এবং যারা এই আয়োজনে সর্বাত্মক সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।
এরপরই শুরু হয় সেরা পাঁচ নির্বাচন। অবশেষে সেমিফাইনালের ৯ জনের গান শুনে, সবদিক বিবেচনায় নিয়ে বিচারকরা স্থির সিদ্ধান্তে উপনীত হন সেরা পাঁচ প্রতিযোগীর বিষয়ে।
তবে ফলাফল ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তৃতা করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। তিনি বলেন, বাংলা গানকে দেশের বাইরে ও নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসে আপনাদের সম্পৃক্ততা আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের নিয়ে আমরা চ্যানেল আই কর্তৃপক্ষ আরও ভাল কিছু করব বলে উল্লেখ করেন জহির উদ্দিন মাহমুদ মামুন। তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
এছাড়া শুভেচ্ছা বক্তৃতা করেন নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল এসএম নাজমুল হাসান।
চ্যানেল আইয়ের পাশে থাকার কথা জানিয়ে বক্তৃতা করেন স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধারগণ যথাক্রমে আবু জাফর মাহমুদ, নীলুফার ইয়াসমিন, এটর্নী মঈন চৌধুরী, প্রকৌশলী আবু বকর হানিপ, নূরুল আজিম ও পার্থ গুপ্ত।
পরে বিজ্ঞ বিচারক মন্ডলী তাঁদের সুচিন্তিত রায় ঘোষণা করেন অর্থাৎ সেরা পাঁচ শিল্পীর নাম ঘোষণা করেন। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নিউইয়র্কের কানিজ দীপ্তি। সেরা পাঁচে নির্বাচিত অপর চারজন হলেন জর্জিয়ার মাইশা শান্তা, ভার্জিনিয়ার মাহাদিয়া ইশাল ও অপ্সরা বনিক এবং কানাডার টরেন্টোর বিপ্লব কর্মকার।
নৈশভোজের মধ্য দিয়ে ভাঙ্গে সঙ্গীতের এ মিলন মেলা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।