করোনায় থমকে দাড়িয়েছিল বিশ্ব ক্রীড়াঙ্গণ। এর থাবামুক্ত ছিলোনা বাংলাদেশও।
তবে এ থেকে বেরিয়ে আসার চেষ্টা ছিল বিশ্বময়। বাংলাদেশ ক্রিকেট দিয়ে শুরু করেছিল, যদিও সেটি ছিল ঘরোয়া টুর্নামেন্ট। কিন্তু ফুটবল ফিরেছে আন্তর্জাতিক ম্যাচ দিয়েই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে নেপালের সঙ্গে বাংলাদেশের ২টি প্রীতি ম্যাচের সিরিজ আয়োজন করে। এর প্রথমটি অনুষ্ঠিত হয় শুক্রবার। দীর্ঘ দশ মাস পর মাঠে নেমে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছে জামাল ভূঁইয়ারা। প্রথম ম্যাচে তারা নেপালকে হারিয়েছে ২-০ গোলে।
বাংলাদেশ দল খেলার প্রথমার্ধে নাবীব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায়। আর দ্বিতীয়ার্ধে মাহবুবুর রহমান সুফিলের গোলে বাংলাদেশ ২-০তে লিড নেয়। নেপাল পাল্টা ধারালো আক্রমন করেও কোন গোল করতে পারেনি।
খেলার বিশেষ আকর্ষন ছিলো মাঠের দর্শক। ফিফার স্বাস্থ্যবিধি মেনে ৭ হাজার দর্শক স্বাগতিক দলকে গলা ফাটিয়ে সমর্থন দিয়ে যায়। যা স্বাগতিক দলকে উজ্জীবিত রাখে পুরো খেলায়। তবে জয় পরাজয় ছাপিয়ে করোনা জয় করে ফুটবল মাঠে গড়িয়েছে এটাই ছিলো প্রাপ্তির বিষয় দর্শকদের কাছে।
আগামী মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।