মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
নিউইয়র্কের ম্যানহাটানের মিডটাউনের ৩৪৫-পার্ক এভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম।
নিহতের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। বন্দুকধারী আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। সে লাস ভেগাসের বাসিন্দা। সোমবার বিকেল পৌনে সাতটায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসবতথ্য জানিয়েছে।
ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, একজন পুলিশ কর্মকর্তাকে ‘আঘাত’ করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র। পরে পুলিশ অফিসার নিহতের বিষয়টি নিশ্চিত করে নিউইয়র্ক পুলিশ বিভাগ।
পুলিশ জানায়, ঘটনাস্থল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে, বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটেছে।ঘটনার পর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স জড়ো করা হয়েছে। আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক ও উৎসুক জনতাকে দূরে সরিয়ে দিয়েছে।
এদিকে, বন্দুকধারীর হামলায় বাংলাদেশি পুলিশ অফিসার দিদারুল ইসলামের নিহতের খবর নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।