শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
অবশেষে প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে আসীন হলেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান।
স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, কর্মসূচি ও সাংগঠনিক দিকনির্দেশনা এই কমিটির বৈঠকে চূড়ান্ত হয়ে থাকে। গতকালের জরুরি বৈঠকেও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
দেশের ক্রান্তিলগ্নে ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের সর্বোচ্চ পদে আসীন হলেন তারেক রহমান। আর এর মধ্যে দিয়ে বাংলাদেশের বিদ্যমান রাজনীতির গুণগত মানের উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাঁর নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।