রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বৃষ্টিই বাংলাদেশের জয়ে বাধা হয়ে দাঁড়াল। বৃষ্টি আইনের কারণেই ১৮ রানে ম্যাচ হেরেছে অনুর্ধ্ব-১৯ দল।
5বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারত আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয়। ৪৯ ওভারে ম্যাচে তাড়া করতে নেমে ১৭.২ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ যখন ২ উইকেটে ৯০, তখন আবারও বৃষ্টির হানা। তাতে কাটা হয় ওভার এবং পরিবর্তিত নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫। অর্থাৎ হাতে থাকা ১১.৪ ওভারে (৭০ বল) ৭৫ রান লাগত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ক্রিজে তখন অধিনায়ক আজিজুল হাকিম এবং কালাম সিদ্দিকী। হাতে ৮ উইকেট থাকায় কাজটা অবশ্যই কঠিন হওয়ার কথা নয়। কিন্তু ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে হেরেছে বাংলাদেশ।
আজিজুল ও কালাম ২০ ওভার পার করার পর দরকার ছিল ৫৪ বলে ৬৩। ২ উইকেটে ১০২ রান তোলা বাংলাদেশের যুবারা তখন ডিএলস নিয়মে এগিয়ে ১৪ রানে। যার মানে খেলা তখনই থেমে গেলে বাংলাদেশই জিতে যায়। কিন্তু আর বৃষ্টি এলো না। আর বাংলাদেশের ইনিংসে শুরু হলো আসা-যাওয়ার মিছিল। ২১.২ ওভারে কালামের আউট হওয়ার পরে ৭.৩ ওভারে ৪০ রান তুলতে বাকি ৮ উইকেট হারাল বাংলাদেশের যুবারা।
উইকেটের পতনগুলো রীতিমতো অবিশ্বাস্য। ২৪তম ওভার শেষেও জয়ের জন্য দরকার ছিল ৩০ বলে ৪০—হাতে ৬ উইকেট। ৫১ রানে ব্যাট করা অধিনায়ক আজিজুল টিকে ছিলেন আশার প্রতীক হয়ে। কিন্তু ২৫তম ওভারের দ্বিতীয় বলে আজিজুল আউট হওয়ার পরই ঘুরে যেতে শুরু করে ম্যাচের পাল্লা। ওই ওভার শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোর ৫ উইকেটে ১২৯। পরের তিন ওভারে ১৭ রানে পড়ে আরও ৪ উইকেট। এর মধ্যে ২৮তম ওভারে প্রথম ৩ বলের মধ্যে ফেরেন আল ফাহাদ ও রিজান হোসেন। বৃষ্টিতে লক্ষ্য পাল্টে যাওয়ার পরও যে ম্যাচে জয় দেখছিল বাংলাদেশ, মাত্র ৪৩ বলের মধ্যে সেটা পরিণত হয় দুঃস্বপ্নে।4
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।