সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার পুনরুদ্ধারের মাধ্যমে দেশ পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, যা কাজে লাগাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিএনপি অতীতে যেমন জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গেই থাকবে।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি ঢাকা শহরসহ সারাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে কাজ করবে।
কৃষকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। বিএনপি সরকার গঠন করতে পারলে অতীতের ধারাবাহিকতায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে বলে তিনি ঘোষণা দেন। তরুণ সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ছেলে-মেয়ে নির্বিশেষে তরুণদের জন্য আইসিটি ও ভোকেশনালভিত্তিক টেকনিক্যাল ইনস্টিটিউশন গড়ে তোলা হবে, যাতে তারা দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হতে পারে। প্রবাসী শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, বিদেশে যেতে গিয়ে অনেক মানুষকে জমিজমা বিক্রি করতে হয়। বিএনপি সরকার গঠন করলে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের জন্য স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তারা সম্পদ বিক্রি না করেই বিদেশে যেতে পারেন।
স্বাস্থ্যসেবার প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে মা, বোন ও শিশুরা যেন ঘরে বসেই চিকিৎসা পেতে পারে, সে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দ্রুত সরকারি হাসপাতাল নির্মাণ এবং সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। ধর্মীয় ব্যক্তিদের জীবনমান উন্নয়নে পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারি সহায়তা চালু করা হবে। তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন অপরিহার্য। আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের সিদ্ধান্ত জানতে চান। এ সময় জনসভায় উপস্থিত নেতাকর্মীরা ‘ধানের শীষ’ স্লোগানে মাঠ প্রকম্পিত করে তোলে। ঢাকা-১৭ আসনের সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, এ এলাকায় বায়ুদূষণ ও যানজট বড় চ্যালেঞ্জ।
সম্মিলিত উদ্যোগে এসব সমস্যার সমাধান সম্ভব। নিজের পরিচয় দিয়ে তিনি বলেন, তিনি এই এলাকারই সন্তান এবং শৈশব থেকে এখানেই বড় হয়েছেন। এলাকার মানুষদের উদ্দেশে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “ধানের শীষকে জয়যুক্ত করুন, দেশ গড়ার সুযোগ দিন। দেশ যখন আমাদের, তখন দেশ সামাল দেওয়ার দায়িত্বও আমাদেরই।”
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।