বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
শীতের সকাল উপেক্ষা করে ভোর থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেক কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
রাজধানীর গুলশানে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভোট প্রদান শেষে তিনি এই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা দুজনই ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জামায়াতের আমিরকে ‘বড় ভাই’ সম্বোধন করে শফিকুল ইসলাম মিল্টন বলেন, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ফলাফল যাই হোক, এ ধরনের পরিবেশ হলে তা মেনে নিতে তারা প্রস্তুত।
ভোট প্রদান শেষে প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে গেছে। দেশের মানুষকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না; এ ধরনের নির্বাচনের ইতিহাস ভুলে যেতে হবে।
ঢাকার প্রায় সব কেন্দ্রেই পুরুষ ও নারীদের জন্য আলাদা বুথে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে। নির্ধারিত সময়েই প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। অধিকাংশ কেন্দ্রে তরুণ ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেলেও মধ্যবয়সী ও বয়স্ক ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে আসছেন। নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
প্রতিটি কেন্দ্রের নির্ধারিত দূরত্বের বাইরে প্রার্থীদের নিজস্ব বুথ বসানো হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করছে।
এদিকে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই আসনটি বাদ দিয়ে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার দেশের ২৯৯টি আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—এর মধ্যে দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রার্থী সংখ্যা ২৯১ জন। নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ১০টি দল এবারের নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।