বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
নিজস্ব প্রতিবেদক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে তার ফলাফল মেনে নিতে বিএনপির কোনো আপত্তি থাকবে না। তবে তিনি জোর দিয়ে বলেন, এ ক্ষেত্রে শর্ত একটাই—ভোট হতে হবে সুষ্ঠু ও বিতর্কমুক্ত।
জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী।” কতটি আসনে জয় আশা করছেন—এমন প্রশ্নে তিনি বলেন, দল এমন সংখ্যক আসন প্রত্যাশা করছে, যাতে দেশ পরিচালনা করা সম্ভব হয়। বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, আন্দোলন- সংগ্রামে যেসব রাজনৈতিক দল একসঙ্গে ছিল, তাদের নিয়ে দেশ পরিচালনার ইচ্ছা রয়েছে। সারাদেশের ভোট পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, এখনো সব তথ্য তার কাছে পৌঁছায়নি। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে ব্যস্ত থাকায় বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি। তবে গণমাধ্যমের খবরে দেশের বিভিন্ন স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জেনেছেন বলে উল্লেখ করেন। তার অভিযোগ, একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, যা কাম্য নয়।
তিনি বলেন, “দেশের মালিক জনগণ। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়ে আসে, তাহলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।” যারা সহিংসতা বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে, তাদের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। ভোট গণনায় বিলম্বের আশঙ্কা নাকচ করে তারেক রহমান বলেন, ফল প্রকাশে দেরি হওয়ার কোনো কারণ দেখেন না। তার মতে, নির্বাচন কমিশন দ্রুত ফলাফল জানাতে সচেষ্ট থাকবে এবং জনগণও দ্রুত ফল প্রত্যাশা করে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে দেশ নিরপেক্ষ নির্বাচন প্রত্যক্ষ করেছে এবং সেসব নির্বাচনের ফল ঘোষণার একটি স্বাভাবিক সময়সীমা ছিল। এবারের ক্ষেত্রেও দ্রুত ফল প্রকাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সার্বিক পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান বলেন, অন্তত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তিনি যে চিত্র দেখেছেন, তাতে ভোটাররা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।