শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এ পর্যন্ত ২৮১টি আসনের ফল প্রকাশ হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৩টি আসন। অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৭টায় সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোট গণনা কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।
নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন।
এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।