রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, গগনবিদারী শ্লোগান, দেশের গান, কবিতা, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, অতিথিদের বক্তৃতামালায় ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভোটের্যান্স ১৯৭১, ইউএসএ ইনক। ২৭ মার্চ শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সংগঠনটি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস তুলে ধরা অসম্ভব। তারা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর, তাঁর সহধর্মিণী প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতই তাঁদের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজাকারদের তোষণনীতি গ্রহণ করেছেন। আর সে জন্যই আমরা চারদিকে রাজাকারদের আস্ফালন দেখতে পাচ্ছি। তারা বলেন, একাত্তরের শক্তিতে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা আবার রাজাকারমুক্ত করব ইনশাআল্লাহ।
বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটারান্স ১৯৭১ ইউএসএ ইনক আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন।
স্বাধীনতা দিবসের এই আয়োজনে দেশের গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, দিনাত জাহান মুন্নি, আলামিন বাবু, কবি সালেহা ইসলাম, ড. সেলিনা রিতাসহ অনেকে। দ্বরাজ কণ্ঠে কবিতা আবৃত্তি করেন মুমু আনসারী। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে ছিল পিনপতন নিরবতা। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।