রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শনিবার রাতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল। বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারের অনুষ্ঠানে এক সশস্ত্র বন্দুকধারী নিরাপত্তা চেকপয়েন্টে গুলি চালায়।
২৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় হোটেলের মূল নিরাপত্তা স্ক্রিনিং এলাকার কাছে গুলির শব্দ শোনা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্যদের সিক্রেট সার্ভিস দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এটি ছিল ট্রাম্পের প্রথমবারের মতো এই বিখ্যাত ডিনারে যোগ দেওয়া। বন্দুকধারী সরাসরি বলরুমে প্রবেশ করতে পারেনি এবং ম্যাগনেটোমিটার চেকপয়েন্টেই তাকে আটকে ফেলা হয়। মোট পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয় বলে আইনশৃঙ্খলা সূত্র জানিয়েছে। একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তিনি প্রাণে বেঁচে যান। সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরান্স এলাকার একজন ৩১ বছর বয়সী শিক্ষক। তিনি সি২ এডুকেশন নামের একটি টিউটরিং সার্ভিসে কর্মরত ছিলেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে "টিচার অব দ্য মান্থ" পুরস্কার পেয়েছিলেন।
সে কীভাবে হোটেলের ভেতরে প্রবেশ করল তা তদন্তাধীন। পরে হোয়াইট হাউস থেকে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিস অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করেছে। তিনি বন্দুকধারীকে "একলা নেকড়ে" বলে আখ্যায়িত করেন এবং জানান, সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা তাকে খুব দ্রুত নিষ্ক্রিয় করেছেন। ট্রাম্প আরও বলেন , আক্রমণের আগে কোনো পূর্ব সতর্কবার্তা ছিল না এবং তিনি বিশ্বাস করেন, বন্দুকধারী তার কাছে পৌঁছাতে পারত না কারণ ঘরজুড়ে ছদ্মবেশী নিরাপত্তারক্ষীরা মোতায়েন ছিলেন।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনিন পিরো জানান, সন্দেহভাজনের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে — সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার উপর হামলা। ট্রাম্প জানান, ডিনারটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে এবং সেটি আরও নিরাপদ করা হবে। এই হামলার পরেও ট্রাম্প বললেন, কোনো সহিংসতা জাতীয় অনুষ্ঠান বন্ধ করতে পারবে না — "আমরা কাউকে আমাদের সমাজ দখল করতে দেব না।
ইব্রাহিম চৌধুরী সিনিয়র সাংবাদিক, নিউইয়র্ক।