ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই ব্যক্তিকে ‘সম্ভাব্য হত্যাকারী’ হিসেবে আখ্যা দেন।
শনিবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। পরে সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা তাকে দ্রুত নিয়ন্ত্রণে নেয় এবং আটক করে।
ট্রাম্প জানান, ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় তিনি প্রাণে বেঁচে যান।
এর আগে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে গুলির শব্দ শোনার পর সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ঘটনার পর ট্রাম্প বলেন, অনুষ্ঠানটি বাক্স্বাধীনতা ও ঐক্যের প্রতীক হলেও আয়োজিত স্থানটি খুব বেশি নিরাপদ নয় বলে মনে করেন তিনি।
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে এটি প্রথম নয়, এর আগেও তার ওপর হামলার চেষ্টা হয়েছে।
বর্তমানে সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ট্রাম্প।