১৭ মে বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে মিট এন্ড গ্রিট অনুষ্ঠিত
শনিবার, ১৬ মে, ২০২৬
.
১৭ মে রোববার বাংলাদেশ ডে প্যারেড। আর এ উপলক্ষে সেলিব্রেটিদের সঙ্গে মিট এন্ড গ্রিট ছিল নিউইয়র্কের উডসাইডের গুলশান ট্যারেসে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজকদের সঙ্গে সেলিব্রেটি, কমিউনিটি ব্যক্তিত্ব আর সাংবাদিকদের এক মিলনমেলা ছিল চোখে পড়ার মত।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল এম এ আজিজ, চেয়ারম্যান এটর্নি মঈন চৌধুরী, আহবায়ক গিয়াস আহমেদ, সদস্য সচিব ফাহাদ সোলায়মান, ইভেন্ট কো অর্ডিনেটর ফেমড রাসেল,কো অর্ডিনেটর আব্দুল কাদের শিশির, প্যারেড মার্শাল আবদুস সোবহান, ম্যানেজিং পার্টনার ফয়সাল আজিজ।
মিট এন্ড গ্রীট এ সম্মানীত অতিথি হিসাবে বক্তৃতা করেন শাহ নেওয়াজ গ্রুপের চেয়ারম্যান, আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শতাধিক সংগঠন এই প্যারেডে অংশ নিতে যাচ্ছে। শুধু তাই নয়, র্যালিতে অংশ নিতে নিউইর্য়ক ছাড়াও নিউজার্সি, কানেক্টিকাট, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন থেকে আসছেন প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে জানানো হয়, নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হকুল এবং নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র প্যারেডে উপস্থিত থাকার সম্ভাবনা আছে।
এ সময় বাংলাদেশ থেকে আসা সেলিব্রিটিদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। সবার সঙ্গে মতবিনিময় করেন অভিনেত্রী তানজিন তিশা, রিচি সোলায়মান, নওশিন, নোভা,অভিনেতা হিল্লোল, সঙ্গীত শিল্পী শুভ্র দেবসহ অনেকে।
আয়োজকরা বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, মহান মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা প্রবাসে তুলে ধরা, নতুন প্রজন্মের সঙ্গে সেতুবন্ধন তৈরি করা, প্রবাসে যারা তাঁদের অর্জন দিয়ে বাংলাদেশকে সম্মানীত করেছেন তাদেরকে সম্মান জানানোসহ নানা বিষয় থাকছে এই বাংলাদেশ ডে প্যারেডে।
দলমত নির্বিশেষে সকল বাংলাদেশিকে প্যারেড সার্থক করতে একযোগে কাজ করারও আহবানও জানিয়েছেন তারা।