মঙ্গলবার, ০৫ অক্টোবর, ২০২১
সাফ ফুটবলের গুরুত্বপূর্ণ খেলায় পিছিয়ে পড়েও ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধের ২৬ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী।
সোমবার মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে খেলার ২৬ মিনটে কাজের কাজটি করে বসেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সুনীল ছেত্রী। তাঁর গোলে এগিয়ে যায় ভারত। অবশ্য খেলার ২৮ মিনিটে বাংলাদেশও খেলায় ফিরতে পারত। মতিন মিয়ার ক্রসে বিপুল লক্ষ্য ঠিক রাখতে পারেননি। পরের মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়া আরেকটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু মতিন ও তারিক কাজী কাজে লাগাতে পারননি।
খেলার ৩৫ মিনিটে ভারতের জোরালো আক্রমণ কর্ণারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এ সময়ে দুর্বল কর্ণার থেকে পাওয়া বল নিয়ে আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু বিপুলের শটে বাঁধা হয়ে দাঁড়ায় ভারতের গোলরক্ষক। এটা ছিল বাংলাদেশের সবচেয়ে সহজ সুযোগ।
পিছিয়ে পড়ে বিরতিতে যায় বাংলাদেশ। খেলার ৫০ মিনিটে তারিকের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে জালে জড়াতে ব্যর্থ হন রাকিব।
খেলার ৫৩ মিনিটে বল নিয়ে আগুয়ান ভারতের লিপ্টনকে টান দিয়ে ফেলে দেন বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ। সাথে সাথেই রেফারি তাকে লাল কার্ড দেখালে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়। ফাউলটি ডি বক্সের একটু দূরে হওয়ায় পেনাল্টি থেকে বেঁচে যায় বাংলাদেশ।
খেলার ৫৭ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, পারেনি। ৬০ মিনিটে ভারতের জোরালো আক্রমণ প্রতিহত করে বাংলাদেশ গোলকিপার জিকো।
৬৪ মিনিটে মতিন,তপুর যৌথ আক্রমণেও জাল খুঁজে পায়নি বাংলাদেশ।
অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। খেলার ৭৪ মিনিটে জামাল ভূঁইঁযার কর্ণার রাকিবের মাথা ছুঁয়ে বাতাসে ভেসে যায় ইয়াসিনের মাথায়। তাঁর হেডে বল যায় ভারতের জালে। খেলায় ফিরে সমতা(১-১)।
এরপর আক্রমণ, পাল্টা আক্রমণেও কেউ গোল করতে পারেনি।
বাংলাদেশের পরবর্তী খেলা মালদ্বীপের বিরুদ্ধে আগামী ৭ অক্টোবর।
শিবলী জুবায়ের
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।