রবিবার, ২৪ জুলাই, ২০২২
ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার ১ম জানাযা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে শনিবার বাদ জোহর এ জানাযা অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার জানাযা উপলক্ষে জ্যামাইকা মুসলিম সেন্টারে জোহরের নামাজের আগেই উপস্থিত হন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জোহর নামাজ শেষে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ড. মনির হোসেন। তিনি বলেন, প্রয়াত ডেপুটি স্পিকার খুবই জনপ্রিয় ছিলেন-এর বড় প্রমাণ তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্ব পালনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এ সময় উপ-স্থায়ী প্রতিনিধি মনির হোসেন মরহুমের আইন,বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন। সবশেষে ডেপুটি স্পিকারের মত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কথাও তিনি উল্লেখ করেন উপস্থিত মুসল্লিদের সামনে। ফজলে রাব্বী মিয়া একই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন বলে জানান উপ-স্থায়ী প্রতিনিধি।
এ সময় ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো: নাজমুল হাসান প্রয়াত ডেপুটি স্পিকারের যে কোন ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান। তিনিও মরহুমের বর্নাঢ্য জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।
প্রয়াত ডেপুটি স্পিকারের ভাতিজা ও সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম সবার কাছে মরহুমের জন্য দোয়া চান। তিনি প্রয়াত এডভোকেট ফজলে রাব্বীর যে কোন লেনদেনের ব্যাপারে জানানোর জন্য সবার প্রতি আহবান জানান।
জ্যামাইকা মুসলিম সেন্টারের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আফতাব মান্নানসহ অনেকে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে জানাযায় অংশ মুসল্লিরা। জানাযা পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ।
জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধাগণ প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার কফিনে স্যালুট দিয়ে সম্মান প্রদর্শন করেন। এছাড়া কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের সাধারণ মানুষ।
এ সময় স্বজনরা জানিয়েছেন, মরহুমের কফিন নিয়ে শনিবার রাতেই তারা বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী সোমবার ডেপুটি স্পিকারের কফিন বাংলাদেশে পৌঁছাবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।