রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের (Sheikh Abdullah bin Zayed Al Nahyan) এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে অবস্থিত ইউএই মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও ইউএই-এর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল দুই দেশের মধ্যকার বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাবনা প্রসারিত করা, পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারকরণ, বাংলাদেশের জনশক্তি খাত এবং সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক ইস্যুতে যৌথ সহযোগিতার দৃষ্টিভঙ্গি প্রকাশ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দু’দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত, গতিশীল ও কার্যকর করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। জবাবে ইউএই উপ-প্রধানমন্ত্রীও বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।