শনিবার, ০৬ আগস্ট, ২০২২
আগামী ২,৩,৪ সেপ্টেম্বর নিউইয়র্কের লাগুর্ডিয়ায় বাংলাদেশ কনভেনশন অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের নবান্ন রেস্টুরেন্টে মিট দ্য প্রেসে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনের শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন কনভেনশনের সদস্য সচিব আলমগীর খান আলম।
আলমগীর খান আলম বলেন, এবারের বাংলাদেশ কনভেনশনের আহবায়ক হিসাবে আছেন ডা. সারওয়ারুল হাসান, চেয়ারম্যান হিসাবে থাকবেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম এবং চীফ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ কনভেনশনের আহবায়ক ডা. সারওয়ারুল হাসান বলেন, ফোবানার সঙ্গে আমাদের কনভেনশনের কোন প্রতিযোগিতা নেই। লেবার ডেতে বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকানদের কথা মাথায় রেখে আমরা এই আয়োজন করছি। বিনোদনের সঙ্গে কমিউনিটির প্রতি আমাদের দায়বদ্ধতার বিষয়টিকেও প্রাধান্য দিচ্ছি। তাই বেশ কয়েকটি সেশন থাকবে খুবই জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তিনি কনভেনশনের সাফল্য কামনায় মিডিয়াসহ সকল মহলের সহয়োগিতা কামনা করেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় চীফ কো-অর্ডিনেটর আহসান হাবিব মিট দ্য প্রেসে উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের সকল আয়োজনে অতীতে আপনাদের যে রকম সহযোগিতা পেয়েছি,আগামী কনভেনশনেও তা পাব বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, খুব শীঘ্রই ৩দিনের আয়োজনের বিস্তারিত ওয়েব সাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
সবশেষে ছিল নৈশভোজ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।