বুধবার, ৩১ আগস্ট, ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,গুজব অথবা অপপ্রচার অথবা যে কোন উপায়ে দেশে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু আপনারা এতে বিভ্রান্ত হবেন না,আপনারা সজাগ থাকবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে নিতে সরকার সর্বাত্মক চেস্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা রাখার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের বিচারের আওতায় আনতে অনেক কষ্ট করতে হয়েছে। কারণ আপনারা জানেন ,রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা ছিল নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা এত সহজ ছিল না। কিন্তু এ কঠিন কাজটি বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দেখিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১ আগষ্ট থেকে জাতিসংঘে শুরু হতে যাওয়া পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশ অপরাধ দমনে কি কি চ্যালেল্জের সম্মুখীন হচ্ছে এবং সেগুলো কিভাবে তারা মোকাবেলা করছে তা তুলে ধরা হবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি শহীদদের বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জাতির জনকের জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোকপাত করেন। বঙ্গবন্ধুকে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, সব মানুষের অধিকার আদায়ের জন্য জীবনভর সংগ্রাম করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন সবার কাছে বিস্ময় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ নয়, এর আগেই বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. এম মনিরুল ইসলাম। জাতীয় শোক দিবসের আলোচনা সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।