রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার সাংবাদিকদের তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পরিচালনা করবেন বলে তিনি ধারণা করছেন। তবে বিষয়টি পরে নিশ্চিত করা হবে।
আইন উপদেষ্টা জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।
তিনি আরও জানান, প্রচলিত রীতি অনুযায়ী সাধারণত বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিএনপি এই অভিপ্রায় জানিয়েছে।
আইন উপদেষ্টা বলেন, আগামী মঙ্গলবার বিকেল ৪টায় দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে। তার জানা অনুযায়ী, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
দক্ষিণ প্লাজাকে শপথ অনুষ্ঠানের ভেন্যু হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিভিন্নভাবে স্মরণীয়।
তিনি আরও বলেন, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদি-এর জানাজাসহ নানা ঘটনাকে কেন্দ্র করে স্থানটি স্মৃতিবিজড়িত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এসব কারণেই দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, কনভেনশন অনুযায়ী আমন্ত্রণ সংক্রান্ত বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোনো বিদেশি প্রধানমন্ত্রী আমন্ত্রিত কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।