বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাপানো পোস্টার লাগানো উপলক্ষে জ্যাকসন হাইটসে পথসভায় সংশোধিত কর্মসূচি ঘোষণা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান।
এ সময় সিদ্দিকুর রহমান জানান, ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসবেন। দুপুর ২টা থেকে জেএফকে বিমান বন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছা পর্যন্ত অবস্থান করবেন।
তিনি বলেন, ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন আমাদের প্রধানমন্ত্রী। তাঁর ভাষণের সময় আমরা জাতিসংঘ ভবনের বাইরে শান্তি সমাবেশ করব। সেজন্য বেলা ১২টা থেকে দলীয় নেতাকর্মীদের জাতিসংঘ ভবনের সামনে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন ড. সিদ্দিকুর রহমান।
ড. সিদ্দিকুর রহমান জানান, ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় ২৫-২২,এস্টোরিয়া বউলভার্ড অডিটরিয়ামে আমরা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভার্চুয়ালি নাগরিক সংবর্ধনা দেব। সেখানে গোটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কর্মসূচি ঘোষণার এই পথসভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক হাজী এনাম। বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ কোন প্রকার অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি করলে তারা এর দাঁতভাঙ্গা জবাব দেবেন।
পরে পথসভার সমাপ্তি ঘোষণা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।