রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
১৫ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ২৬ ফেব্রুয়ার রাজধানীর বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ ফজলে নূর তাপস সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহতদের স্বজনরা। বিডিআর এর মহাপরিচালক মেজর শাকিল আহমদের ছেলে রাকিন আহমেদ অভিযোগ করে বলেন, সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে আরো অনেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
শনিবার রাজধানীর মহাখালীতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে রাকিন আহমেদ দাবি করেন, ‘পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নুর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত। এছাড়াও নেপথ্যে আরো অনেকেই আছেন। স্বাধীন তদন্ত কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তিনি।
এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন। রিপোর্টটি প্রকাশ করেছেন সেটি তিন দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল। তিনি সেই রিপোর্টের ‘র’ কপি প্রকাশের দাবি জানান।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।