বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪
দেশে সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরুদ্ধে। এরপরেই অভিযোগ এসেছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গুমের এসব তথ্য জানানো হয়। অনুসন্ধান কমিশনের সভাপতি ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী গুম বিষয়ে নানা তথ্য দিয়ে জানান, ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন।
দেশে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত জমা পরেছে ৪০০ অভিযোগ।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব। বক্তব্যের জন্য সমন দেব। অভিযুক্তরা না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবসরপ্রাপ্ত এই বিচারপতি জানান, ২৫ সেপ্টেম্বর গুম কমিশন ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করে। ১ অক্টোবর ডিবি ও সিটিটিসি পরিদর্শন করা হয়। তবে এসব জায়গায় কোনো বন্দী পাওয়া যায়নি বলে জানান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।