শুক্রবার, ৩০ মে, ২০২৫
উৎসবের আমেজে ২৭ মে অনুষ্ঠিত নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের (ডিস্ট্রিক্ট ২০-আর ২ ) এক্সিকিউটিভ কমিটির নির্বাচনে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে জে এফ এম রাসেল (৭৩) এবং মশিউর রহমান মজুমদার (৯৪)। এ নির্বাচনে ১৩৬ ভোটারের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে, ডিরেক্টর পদে এএসএম উদ্দিন পিন্টু সর্বাধিক ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোটের হিসাব অনুযায়ী ডিরেক্টর পদে নির্বাচিতরা হলেন এটিএম হেলালুর রহমান, এমডি মফিজুর রহমান, ডেইজি ইসলাম, কামরুল হাসান, এমডি এ জামান, এমডি মনিরুল ইসলাম, মোঃ হোসেন জাকির, মোঃ এম এ কাশেম, মোঃ এহসানুল হক বাবুল, মোঃ আকাশ রহমান।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ট্রেজারার-মাসুদ রানা তপন, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) গোলাম হায়দার মুকুট, জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) আবু বক্কর সিদ্দিক, টেলটুইস্টার-জাহাঙ্গীর জয়, মেম্বারশিপ চেয়ার আনিসুর রহমান টনি, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন মিজানুর রহমান, এলসিআইএফ অনিক রাজ।
গভীর রাতে ফলাফল জানার পর নির্বাচিত সভাপতি জেএফএম রাসেল এক বলেন, এই বিজয় লায়ন্স ক্লাবের প্রতিটি সদস্যের। সবাইকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। নবনির্বাচিত সেক্রেটারি মশিউর রহমান মজুমদার সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ভোটাররা আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করলেন তা যেন সারাবছর আমরা সুন্দরভাবে পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে সুশঙ্খলভাবে সম্পন্ন নির্বাচনে বিজয়ীদেরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান নির্বাচন কমিশনার এবং লায়ন্স ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এটর্নী মঈন চৌধুরীসহ নির্বাচন কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, রানু নেওয়াজ, রেজা রশীদ এবং আব্দুর রহিম হাওলাদার।
দেশ এবং প্রবাসের আর্তমানবতার সেবায় নিয়োজিত লায়ন্স ক্লাবের সদস্যসহ বিদায়ী কমিটির সকলেই নির্বাচিতদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকল কর্মকান্ডে আন্তরিক সহায়তার অঙ্গিকার করেছেন। এ সময় তারা সমস্বরে উল্লেখ করেছেন যে, বিগত দিনে এই ক্লাবের বিভিন্ন দায়িত্ব পালনকালে রাসেল ও মশিউর সমাজসেবায় নিবেদিত ছিলেন। সেই ধারাবাহিকতায় সততা ও নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালনের মধ্যদিয়ে ক্লাবের সুনাম উত্তরোত্তর বৃদ্ধিতে সক্ষম হবেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক ।