শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
আগামী ১৭ মে শতাধিক সংগঠন এবং বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড। এটি হবে চতুর্থ বাংলাদেশ ডে প্যারেড।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে বাংলাদেশ ডে প্যারেডের সদস্য সচিব ফাহাদ সোলায়মান বলেন, বাংলাদেশ কমিউনিটির সবাইকে সাথে নিয়ে প্রবাসে আমাদের প্রিয় বাংলাদেশকে তুলে ধরার অভিপ্রায়ে আমরা এই প্যারেডের আয়োজন করছি। এ সময় তিনি জানান, বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসাবে থাকছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম আজিজ ও সাপ্তাহিক ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। এছাড়া, ফাহাদ সোলায়মান জানান, বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারম্যান হিসাবে আছেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, আহবায়ক হিসাবে আছেন জেবিবিএ’র সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, চিফ কো অর্ডিনেটর আহসান হাবিব, চিফ ইভেন্ট কো অর্ডিনেটর ফেমড রকি, কো অর্ডিনেটর আব্দুস সোবহান।
সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান স্টিভেন রাগা, বাংলাদেশ ডে প্যারেডের উপদেষ্টা নাসির আলী খান পল, ফখরুল আলম,শামসুল হক, হাসানুজ্জামান হাসান, তরিকুল ইসলাম মিঠু, নতুন প্রজন্মের প্রতিনিধি ফয়সাল আজিজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্যারেডে বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের তারকারা অংশ নিবেন। ইতিমধ্যে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা চন্চল চৌধুরী প্যারেডে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল বিচারক নুশরাত জাহান ও নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক বিচারপতি সুমা সাঈদকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।
এরপর ছিল প্রশ্নোত্তর পর্ব। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।
সংবাদ সম্মেলন শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।