বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুইজন ডক্টরাল শিক্ষার্থী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ এক প্রেস রিলিজে জানিয়েছে, নিখোঁজ দুইজন হলেন জামিল লিমন ও নাহিদ সুলতানা বৃষ্টি — উভয়েরই বয়স ২৭ বছর।
জামিল লিমনকে সর্বশেষ বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে টাম্পা ক্যাম্পাসের কাছে অ্যাভালন হাইটস ছাত্রাবাস কমপ্লেক্সে ১৩৬১২ অ্যাভালন হাইটস বুলেভার্ডে তার বাসস্থানে দেখা গেছে। সেই থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তিনি জিওগ্রাফি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসি বিভাগে পিএইচডি গবেষণা করছেন।
নাহিদা এস বৃষ্টিকে একই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউএসএফের টাম্পা ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে, ১২১ সুইটগাম লেনে সর্বশেষ দেখা গেছে। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডক্টরাল গবেষণা করছেন।
শুক্রবার বিকেল পাঁচটার কিছু আগে পরিবারের একজন বন্ধু জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ইউএসএফ পুলিশে জানান। পুলিশ নাহিদার নিখোঁজ রিপোর্ট নথিভুক্ত করে এবং জামিলের বিষয়টি হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়ে পাঠানো হয়। উভয়কেই রাজ্য ও জাতীয় নিখোঁজ ব্যক্তি ডাটাবেসে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের মধ্যে এই সংবাদ উদ্বেগের সৃষ্টি করেছে। এই বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।
পুলিশ জানিয়েছে এ পর্যন্ত আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে যে কেউ জামিল বা নাহিদাকে দেখেছেন বা তাদের নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য জানেন তাকে অনুরোধ করা হচ্ছে ৮১৩-৯৭৪-২৬২৮ নম্বরে যোগাযোগ করতে।
ইব্রাহিম চৌধুরী সিনিয়র সাংবাদিক,
নিউইয়র্ক।