শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর কেউই আর বেঁচে নেই। শুক্রবার জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পর আজ শনিবার নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত নিশ্চিত করেছেন যে, তার বোনও আর পৃথিবীতে নেই।
গত ১৭ এপ্রিল ক্যাম্পাস থেকে নিখোঁজ হন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী বৃষ্টি এবং ভূগোল বিভাগের জামিল। দীর্ঘ তল্লাশির পর জামিলের মরদেহ ট্যাম্পার একটি ব্রিজ থেকে উদ্ধার করা হলেও বৃষ্টির পূর্ণাঙ্গ মরদেহ এখনো পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ঘাতক মরদেহটি নষ্ট বা গুম করে ফেলেছে।
এই জোড়া হত্যাকাণ্ডের অভিযোগে লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহ নামের এক আমেরিকান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি বৃষ্টির দেহটি ডিসপোজ (নষ্ট) করার চেষ্টা করছিল বলে পুলিশের বরাতে জানিয়েছেন জাহিদ হাসান। দুই মেধাবী শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে ফ্লোরিডাসহ পুরো দেশের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।