শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এবারের আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজনে ছিল চমক। আর সেটি হল লাইভ খাসি রান্না এবং তা সবার মাঝে পরিবেশন করা।
সকাল থেকেই সবার গন্তব্য ছিল বনভোজনের স্পট ব্রুকলিনের অদূরে ফোর্ট টিলডেন পার্ক এরিয়া। বেলা ১১টার দিকে পার্কের প্যাভিলিয়ন-টুতে যারা উপস্থিত ছিলেন তাদের মাঝে নাস্তা পরিবেশন করা হয়। আর সেই সঙ্গে শুরু হয় খাসি রান্নার কার্য়ক্রম। একটি পরিবারের মত সবাই যার যার মত করে সহায়তা করতে থাকেন খাসি রান্নায়। সেই সঙ্গে ছিল চিকেন ও ফিস বার্বিকিউ।
এ সময় সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় সবাইকে শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান। সকল আয়োজনে তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
শুভেচ্ছা বিনিময় শেষে সবাইকে খেলার মাঠে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। এ সময় বাচ্চাদের বয়সভিত্তিক দৌড় অনুষ্ঠিত হয়। ছিল একেবার অবুঝ শিশুদের মাকে ছোঁয়ার ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা যা সবাই খুব এনজয় করেন। সবচেয়ে জমজমাট ছিল নারী ও পুরুষ দুটি বিভাগের বল কিক প্রতিযোগিতা। এতে প্রেসক্লাবের সদস্য, আক্মীয়-স্বজন, অতিথিবৃন্দ সবাই অংশ নেন।
খেলা পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অভি আজিম। নানা ইভেন্টে খেলা চলার পাশাপাশি খাসি রান্না এগিয়ে চলে। খেলা শেষে সবার মাঝে তরমুজসহ মোসুমী ফল পরিবেশন করা হয়। অন্যদিকে শিশুদের মাঝে চিপস বিতরণ করা করা হয়। সেই সঙ্গে শিশুদের হাতে তুলে দেওয়া হয় খেলনা।
এ পর্যায়ে শুরু হয় র্যাফেল ড্র বিক্রি। এর সার্বিক দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো: আনিসুর রহমান। জোহরের নামাজের পর পরই সবার মাঝে লাইভ রান্না করা খাসির মাংস আর অন্যান্য বাহারী বাঙালী খাবার পরিবেশন করা হয়। আর সেই খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেন বনভোজনে অংশ নেয়া সকলে। খাবার শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনার সঙ্গে অতিথিদের গলা মেলানো বনভোজনের আয়োজনকে উপভোগ্য করে তুলে। গানের সঙ্গে সঙ্গে আম ভর্তা, চানাচুর মাখা মুড়ি, পেয়ারা ও চা পরিবেশন করা হয় যা সবার আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। ছিল সুস্বাদু পায়েসের ব্যবস্থা।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের এবারের আয়োজনের গ্র্যান্ড স্পন্সর ছিলেন মার্কস হোমকেয়ারের সিইও প্রকৌশলী মাহফুজুল হক। দিনব্যাপী আয়োজনের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তৃতা করেন অতিথি ও স্পন্সরগণ। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে কথা বলেন বীর মুক্তিযোদ্ধাগণ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, তরুন ডেমোক্রেট নেতা ফাহাদ সোলায়মান, জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া,বিশিষ্ট নারী উদ্যোক্তা নিলুফার শিরিন, নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রশিদ বাবু, ইমিগ্রেন্ট ইন্টারন্যাশনাল এর পরিচালক তরিকুল ইসলামসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি লাবলু আনসার, সহ সভাপতি আলিম খান আকাশ, সম্মানীত সদস্য তপন চৌধুরী, অনিক রাজ,, নুরুন্নাহার নিশা, আলমগীর কবির, সৌমিক আহমেদ। সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের সেরা ইভেন্ট র্যাফেল ড্র। এতে স্বর্ণের নাক ফুলসহ ৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের বিদায়ী বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় বনভোজনের সার্বিক কার্যক্রম। দিনব্যাপী আনন্দ উল্লাসের পর সবাই ফিরে যান আপন আলয়ে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।