বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট বিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে যোগ দিয়ে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ৫ দফা জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গাম্বিয়া ও বাংলাদেশের যৌথ আয়োজনে আয়োজিত এই সভায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন—মানবিক সহায়তার উদারতা কখনো রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না এবং বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য এই বিশাল বোঝা একা বহন করবে না।
ঐতিহাসিক সাফল্য: ১৯৭৮ সাল এবং ১৯৮০-এর দশকজুড়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আগমনের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীকালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারগুলোর সফল কূটনৈতিক পদক্ষেপে দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব হয়েছিল।
বর্তমান সংকট: ২০১৭ সালের সহিংসতার পর বাস্তুচ্যুতদের সংখ্যা অভাবনীয় মাত্রায় পৌঁছায়। বিগত নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ মানবিক কারণে সীমান্ত খুলে দিয়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। বর্তমান মানবিক বাস্তবতার চিত্র বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য গৃহীত পদক্ষেপসমূহ এবং বর্তমান চ্যালেঞ্জগুলো প্রধানমন্ত্রী তুলে ধরেন: শিক্ষা ও দক্ষতা উন্নয়ন: শিবিরগুলোতে প্রায় ৬ হাজার লার্নিং সেন্টারের মাধ্যমে শিশুদের মিয়ানমারের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা দেওয়া হচ্ছে। যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা রাখাইনে ফিরে পুনঃএকীভূত হতে পারে।
প্রজন্মগত অনিশ্চয়তা: প্রতিবছর শিবিরগুলোতে হাজার হাজার শিশু জন্মগ্রহণ করায় সংকট নতুন এক প্রজন্মে ছড়িয়ে পড়ছে। মায়েরা নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখলেও প্রবীণরা তাঁদের ভিটেমাটিতে ফেরার আকুল আকাঙ্ক্ষা বুকে পুষে রাখছেন। স্থানীয় প্রভাব ও উদীয়মান নিরাপত্তা ঝুঁকি দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি বেড়েই চলেছে। একই সঙ্গে দেখা দিচ্ছে গভীর নিরাপত্তাঝুঁকি: অপরাধ ও পাচার: দীর্ঘ অনিশ্চয়তা ও হতাশার কারণে মানবপাচার, অবৈধ অভিবাসনে বাধ্য হওয়া, মাদকপাচার এবং আন্তঃদেশীয় অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আঞ্চলিক অস্থিরতা: জীবনের ঝুঁকি নিয়ে রোহিঙ্গারা সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। প্রধানমন্ত্রী সতর্ক করেন যে, একটি দেশে অমীমাংসিত থেকে যাওয়া সংকট পুরো অঞ্চলের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে।
সংকুচিত মানবিক সহায়তা ও আন্তর্জাতিক আহ্বান প্রধানমন্ত্রী জানান যে, প্রয়োজন বাড়লেও আন্তর্জাতিক সহায়তার তহবিল ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে: তহবিল ঘাটতি: ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় (JRP) ৯৩৪ মিলিয়ন ডলার চাওয়া হলেও ২০২৬ সালে তা কমিয়ে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে, যা শুধু জীবনরক্ষার ন্যূনতম প্রয়োজন মেটাতে সক্ষম। আন্তর্জাতিক সহযোগিতা: বাংলাদেশের পাশে থাকা আন্তর্জাতিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও জোরদার ও সহায়তার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। রাখাইন পরিস্থিতির অবনতি ও মানবাধিকার লঙ্ঘন প্রধানমন্ত্রী জানান, সংকটের মূল কারণ ও সমাধান দুটিই মিয়ানমারে নিহিত হলেও রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগের বিষয়।
"রোহিঙ্গারা এখনো জোরপূর্বক নিয়োগ, নির্বিচারে আটক, চলাচলে বিধিনিষেধ ও জোরপূর্বক শ্রমের শিকার হচ্ছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মি—উভয়ের বিরুদ্ধেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।" টেকসই সমাধানের জন্য প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব সংকট নিরসনে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ও আঞ্চলিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব করেন ১. প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ: দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি করা এবং মিয়ানমারে অনুকূল পরিবেশ গঠনে আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানো।
২. সহিংসতা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতকরণ: রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর সব ধরণের সহিংসতা বন্ধ করা এবং নিজভূমিতে তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা ফিরিয়ে আনা। ৩. পর্যাপ্ত মানবিক সহায়তা: রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের জন্য পর্যাপ্ত ও পূর্বাভাসযোগ্য (predictable) মানবিক তহবিল নিশ্চিত করা। ৪. ন্যায়বিচার ও জবাবদিহি: অপরাধীদের বিচারে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গাম্বিয়ার নেতৃত্বাধীন আইনি লড়াই এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) ভূমিকা অব্যাহত রাখা।
৫. প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ: কেবল বাস্তুচ্যুতি ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সংকটের মূল কারণ চিহ্নিত করে কার্যকর রাজনৈতিক পদক্ষেপে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বলেন, "এখন সহমর্মিতা থেকে সংকটের মূল কারণ ও তার সমাধান খোঁজার পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে; প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপে যাওয়ার সময় এসেছে।" তিনি রোহিঙ্গা সংকটের চিরস্থায়ী সমাধানের জন্য বিশ্বের সকল শক্তিকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।