কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে শতাব্দীর অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা চলে গেছেন না ফেরার দেশে। এএফপি জানায়, আর্জেন্টিনার তিগ্রেতে নিজ বাসভবনে মারা যান ফুটবলের এ বরপুত্র।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
কয়েকদিন আগে মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয় ম্যারাডোনার। এরপর অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে মুক্তি পেতে গিয়েছিলেন নিরাময় কেন্দ্রে। সেখান ফিরে যান নিজ বাসায়। আর সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ম্যারাডোনা ১৯৬০ সালের ৩০শে অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহন করেন। ফুটবল অন্ত:প্রান ম্যারাডোনা কিশোর বয়সেই শৈল্পিক ফুটবল দিয়ে সবার নজর কাড়েন।
১৯৭৭ সালে ম্যারাডোনা জাতীয় দলে ডাক পান। তাঁর খেলা দ্বিতীয় বিশ্বকাপেই (১৯৮৬)একক নৈপূন্যে আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন। ১৯৯০ সালেও একটি দুর্বল দলকে নিয়ে ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। জার্মানীর সাথে বিতর্কিত গোলে শিরোপা হাতছাড়া হয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনার। পরের বছর ইতালীতে ড্রাগ টেস্টে কোকেইনের জন্য ধরা পড়ায় ফুটবল থেকে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন ম্যারাডোনা। পরে খেলায় তেমন ছন্দ আর ফিরে পাননি এই মহান ফুটবলার।
২০০৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে ও দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। তবে ২০১০ সালের বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দেন। মারা যাওয়ার আগে আর্জেন্টিনার প্রথম বিভাগের ফুটবল দল হিমনসিয়ার কোচের দায়িত্বে ছিলেন শতাব্দীর অন্যতম সেরা এই ফুটবল তারকা।