শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
করোনা ভাইরাস প্রতিরোধে মডার্নার ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ’র উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদে ২০-০ ভোটে ভ্যাকসিনটি অনুমোদনের সুপারিশ লাভ করে।
মডার্নার ভ্যাকসিন অনুমোদনের সুপারিশের পর আগামী শনিবার সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন -সিডিসি’র উপদেষ্টা পরিষদ শনিবার এক বৈঠকে বসবে। সেখানে অনুমোদন পেলে দ্রুতই ভ্যাকসিনটি মানুষের শরীরের প্রয়োগের উদ্যোগ নেয়া হবে। প্রক্রিয়াটি দ্রুত শেষ করার ইচ্ছা এফডিএ কর্তৃপক্ষের। ধারনা করা হচ্ছে আগামী সপ্তাহ মডার্নার ভ্যাকসিন দেওয়া শুরু হবে। মডার্না জানিয়েছিল, তাদের ভ্যাকসিনটি শতকরা ৯৪ ভাগ কার্যকর। পরবর্তীতে এফডিএ’র রিপোর্টেও তাদের দাবির সত্যতা পাওয়া যায়।
মডার্নার ভ্যাকসিন যেদিন অনুমোদনের সুপারিশ লাভ করল, তার আগের দিন বুধবার যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যু এবং সর্বোচ্চ হাসপাতালে ভর্তি রেকর্ড হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছে ৩হাজার ৫শ। অন্যদিকে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ১৩ হাজার করোনা আক্রান্ত মানুষ। আক্রান্তে রেকর্ড না হলেও এই সংখ্যা ছিল ২ লাখ ৪০ হাজার।
ক্রিসমাস আর নববর্ষের ছুটি নিয়ে চিন্তিত যুক্তরাষ্টের চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের ধারণা, লম্বা ছুটিতে মানুষ যদি ভ্রমন আর জমায়েত পরিহার না করে তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরণের বিপর্যয়ের মধ্যে পড়বে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রাম্ত হয়েছে ১কোটি ৭৬ লাখ ২৬ হাজার মানুষ। আর মৃতের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯শ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।