বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
ভ্যাকসিন গ্রহণ করার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার কয়েকটি ঘটনা নজরে আসায় যুক্তরাষ্ট্রে জনসন এন্ড জনসন কোম্পানীর ভ্যাকসিন প্রদান স্থগিত ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রশন-এফডিএ ও সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন -সিডিসি যৌথভাবে এ পরামর্শ দিয়েছে।
এক বিবৃতিতে এফডিএ জানিয়েছে, বাড়তি সতর্কতা হিসাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্ যুক্তরাষ্ট্রে ১২ এপ্রিল পর্যন্ত ৬৮ লাখ জনসন এন্ড জনসনের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ জনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। যে ৬ জনের শরীরে রক্ত বেঁধেছে তাদের সবাই নারী। তাদের বয়স ২৫ থেকে ৪৮ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন মারাও গেছে।
এদিকে নেব্রাস্কায় রক্ত জমাট বাঁধা একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এফডিএ’র পক্ষ থেকে একাধিক টুইটে জানানো হয়, রক্ত জমাট বাঁধার ঘটনা খুবই বিরল। তারপরও বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা হিসাবে এই ভ্যাকসিনের ব্যবহার স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে একই কারণে বিশ্বের কয়েকটি দেশ অক্সফোর্ডের কোভিড-১৯ এর টিকা ব্যবহার স্থগিত ঘোষণা করেছিল।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।