রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শপথ অনুষ্ঠান শেষেই সংসদীয় দলের বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই সংসদীয় দলের সভা শুরু হবে। ওই বৈঠকে সংসদ নেতা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করা হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হবে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন প্রার্থীর নাম ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল চূড়ান্ত হয়েছে।
আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, বিএনপি পেয়েছে ২০৯টি আসন এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসন। অন্যান্য দলের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাতটি, জাতীয় নাগরিক পার্টি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসন লাভ করেছে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।