শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে দলের এই বিপুল বিজয় দেশের গণতান্ত্রিক উত্তরণের ধারায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমান প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবেন।
বার্তায় তিনি স্মরণ করেন তারেক রহমানের পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাঁদের আদর্শ আগামী দিনের পথচলায় দিকনির্দেশনা দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সমন্বিত প্রজ্ঞা ও নেতৃত্ব অপরিহার্য। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা করেন।
একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপালনকালে তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করা হয়।
বার্তার শেষাংশে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সকল উদ্যোগ সফল কামনা করা হয়।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।