বুধবার, ০৮ সেপ্টেম্বর, ২০২১
সোমবার লেবার ডে তে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুবের একক সঙ্গীতানুষ্ঠান। সদা হাস্যোজ্জল, বিনয়ী, অমায়িক এই শিল্পীর একক সন্ধ্যায় উপস্থিত ছিলেন নিউইয়র্কের সকল শ্রেণী-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতেই আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, নিউইয়র্কের শিল্পীদের মূল্যায়নের অংশ হিসেবে তাদের একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা।
হলভর্তি দর্শক শ্রোতার ভালবাসা আর করতালিতে স্টেজে উঠেন শিল্পী শাহ মাহবুব। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনাদের সরব উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আপনাদের ভালবাসায় আমি সিক্ত।
এরপর শিল্পী মাহবুব শুরু করেন তাঁর পরিবেশনা। দেশাত্মবোধক, রবীন্দ্র , নজরুল, আধুনিক আর ফোক গানের সুরের মুর্ছনায় বিমোহিত হন দর্শক শ্রোতা। ছিল দর্শকদের অনুরোধ। ছিল তাঁর নিজের পছন্দের গানও। শিল্পী মাহবুব একে একে গাইলেন ২০’র অধিক গান। সবমিলিয়ে সংস্কৃতমনা নিউইয়র্কবাসী উপভোগ করলেন এক অসাধারণ সঙ্গীত সন্ধ্যা। সবাই করতালি আর করতালিতে শিল্পী মাহবুবের প্রতি প্রকাশ করেন তাদের ভাললাগা, ভালবাসার কথা। শুভ কামনা জানান তাঁর ভবিষ্যৎ সঙ্গীত জীবনের জন্য। সবশেষে নৈশ ভোজের মাধ্যমে শেষ হয় লেবার ডে’র এই আয়োজন।
উল্লেখ্য, শিল্পী মাহবুব গাইবান্ধা জেলার সাঘাটায় নানির বাড়িতে জন্মগ্রহণ করেন। মাত্র ৪ বছর বয়েস ওস্তাদ নারায়ণ চন্দ্র মন্ডলের কাছে তাঁর সঙ্গীতে হাতেখড়ি। কিছুটা বড় হওয়ার পর ভর্তি হন ঢাকার আব্বাস উদ্দিন একাডেমীতে। ১৯৯৬ সালে এই প্রতিষ্ঠান থেকে সঙ্গীতের উপর ৫ বছরের ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন নিউইয়র্কের এই জনপ্রিয় শিল্পী। শিল্পী মাহবুব ১৯৯৭ সালে বাংলাদেশ বেতার ও ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসাবে তালিকাভূক্ত হন। বেতার ও টেলিভিশনে গান গাইতে প্রতি বছরই সময় করে দেশে যান এই বরেণ্য শিল্পী।
সঙ্গীত জীবনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতায় পদক লাভ করেন। এছাড়া ম্যাক্সিকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সঙ্গীত ফেস্টিভ্যালে তিনি পদক লাভ করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।