বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২১
উপমহাদেশের কিংবদন্তী রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও বাংলা গানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীর হৃদয় উজার করা পরিবেশনার মধ্য দিয়ে শেষ হল ৩ দিনের বাংলাদেশ কনভেনশন। ছুটির দিন রোববার সমাপনী আয়োজনে লাগোর্ডিয়ার কাছে হোটেল ম্যারিয়টের অডিটরিয়াম ছিল দর্শক শ্রোতায় কানায় কানায় পূর্ণ।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কনভেনশনের উদ্বোধনের পর ইস্ট রিভারে নৌ বিহার, শনিবার হোটেল ম্যারিয়টে কাব্য জলসা, নৃত্যানুষ্ঠান, সায়েরা রেজা আর শুভ্র দেবের পরিবেশনায় দর্শক ছিল তৃপ্ত।
কনভেনশনের সমাপনী দিনে কবিতা, জোকস আর স্থানীয় শিল্পীদের গানের পর দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন, সদস্য সচিব আলমগীর খান আলম। করোনার সীমাবদ্ধতা সত্বেও এই আয়োজন সফল করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। এই কনভেনশন আরও বড় পরিসরে হবে এবং এটি শুধুমাত্র নিউইয়র্কবাসীর জন্য বলেও উল্লেখ করেন তিনি।
আর এর পরই নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক বুলবুল এ আহসান অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ কিংবদন্তী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জীবন বৃত্তান্ত পড়ে শোনান। কাল বিলম্ব না করে স্টেজে আসেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি বলেন, এত রোগ, শোকের মাঝেও আমাদের জীবন চলমান। তাই সুন্দর ভবিষ্যতের আশায় সবাইকে নিয়ে গাইলেন ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে গানটি। দর্শকদের উচ্ছাসে খুশি হয়ে জানালেন করোনার পর প্রথম স্টেজে গান গাওয়ার কথা। বাংলাদেশে সেটি এখনও সম্ভব না হলেও নিউইয়র্কে হচ্ছে সেটাও তাঁকে আনন্দ দিচ্ছে বলে উল্লেখ করেন এই প্রিয় শিল্পী। তাই আবেগে তাড়িত হয়ে আমারও পরাণ যাহা চায় গানটি সবাইকে একসাথে গাওয়ার অনুরোধ রাখলেন কিনি। পরে তাঁর সঙ্গে পুরো গানটিতে গলা মেলালেন হলভর্তি দর্শক শ্রোতা।
টানা কয়েকটি গান গাওয়ার পর তাঁর সঙ্গে যোগ দিলেন দেশ বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদী। ইতিমধ্যেই তাঁর জীবন বৃন্তান্ত জানিয়ে দিলেন উপস্থাপক বুলবুল আহসান। দুই গুণী শিল্পী নিজেদের মত করে দ্বৈতকন্ঠে গাইলেন বেশ কয়েকটি গান। দুজনকে ছবির ফ্রেমেও বন্দি করলেন উপস্থিত সূধী।
শুরু হল শিল্পী সৈয়দ আব্দুল হাদীর একক পরিবেশনা। তিনি গাইলেন তাঁর জনপ্রিয় গানগুলো। তবে কয়েকটি রোমান্টিক গান তিনি তাঁর কন্যাকে দিয়েই গাওয়ালেন। দর্শকদের অনুরোধে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার গানটি দিয়ে শেষ করলেন সমাপনী অনুষ্ঠান। শেষ গানটিতে শিল্পী, শিল্পী তনয়া আর হলভর্তি দর্শকদের কন্ঠ মিলেমিশে একাকার।
সবশেষে সমাপনী বক্তৃতায় আয়োজকদের ভূঁয়ুসী প্রশংসা করেন এটর্নী মঈন চৌধুরী। তিনি বলেন, করোনাত্তর এই আয়োজন বাংলাদেশ কমিউনিটিকে নতুনভাবে জাগিয়ে তুলেছে।
এ সময়, কনভেনশনের আহবায়ক ডা. সারওয়ারুল হাসান সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনদিনের বাংলাদেশ কনভেনশনের সমাপ্তি ঘোষণা করেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।