রবিবার, ১০ অক্টোবর, ২০২১
নিউইয়র্কে এখনও ঝেঁকে বসেনি শীত। তবে হাল্কা শীতের আমেজ সর্বত্র।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবীর আলমগীরের প্রাণবন্ত উপস্থাপনায় শিল্পী চন্দন চৌধুরী ‘আমি বাংলার গান গাই’ গানটি দিয়ে শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর রবীন্দ্র, নজরুল, আধুনিক মিলিয়ে একে একে টানা দশটি গান গাইলেন নিউইয়র্ক তথা বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী।
ঠিক এই সময়ে, ছোট্ট বিরতিতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানালেন বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনয় শিল্পীবৃন্দ।
স্নেহভাজন শিল্পীকে শুভ কামনা জানিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, দেশের সঙ্গীতকে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে তোমার এ চেষ্টায় আমরা গর্বিত। তোমার একক সঙ্গীতানুষ্ঠান প্রবাসীদের মধ্যে বিনোদনের নতুন মাত্রা যোগ করবে -এ প্রত্যাশা করি।
শিল্পীর সাথে স্মৃতিচারণ করতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী শিমুল ইউসুফ। তিনি বলেন, থিয়েটারের যে কাজগুলো চন্দন করে দিত তা এখন আমাকে করতে হয়। তখন তিনি এক ধরণের শূন্যতা অনুভব করেন বলে উল্লেখ করেন। তিনি চন্দন চৌধুরীর সকল কাজের মসৃণ পথ কামনা করেন।
এ সময় স্বনামধন্য অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, আমাদের প্রিয় চন্দন চৌধুরী শুধু ভাল গাইতে পারেন,তা নয়। তিনি একজন উঁচু মাপের অভিনেতাও বটে।
অভিনেত্রী রোজি সিদ্দিকী বলেন,বিদেশের মাটিতেও আমাদের বাংলা সংস্কৃতি চর্চায় আপনার আত্মনিবেদনে আমরা কৃতজ্ঞ।
শুভেচ্ছা জানানো শেষে শিল্পী আবারও ফিরে যান তাঁর পরিবেশনায়। এবার গাইলেন লালন সাঁইয়ের গান। দ্বৈত কণ্ঠে গাইলেন বাংলা ছায়াছবির জনপ্রিয় গান। এবারও একে একে গাইলেন আরও ১০টি গান। আর সেই সুরের মুর্চ্ছনায় আবিষ্ট দর্শক- শ্রোতা।
এবার ছোট্ট বিরতিতে শিল্পীর হাতে ক্রেস্ট তুলে দেন এটর্নী মঈন চৌধুরী, ডা. সারওয়ারুল হাসান। শো টাইম মিউজিকের পক্ষ থেকে শিল্পীকে ক্রেস্ট তুলে দেন গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ।
এ সময় শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম বলেন, নিউইয়র্কের শিল্পীদের একক সঙ্গীতানুষ্ঠানের যে উদ্যোগ আমরা নিয়েছি তা অব্যাহত থাকবে।
তৃতীয় পর্যায়ে শিল্পী দর্শকদের অনুরোধ বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এ পর্যায়ে তাঁর সাথে যোগ দেন নিউইয়র্ক প্রবাসী আরেক স্বনামধন্য শিল্পী রিজিয়া পারভীন। তাদের যৌথ পরিবেশনায় কানায় কানায় পূর্ণ হলরুমে ছিল অন্যরকম আবহে।
সব মিলিয়ে নন্দিত শিল্পী চন্দন চৌধুরী ৩০ এর অধিক গান গেয়ে নিউইয়র্কে সঙ্গীত পিপাসু মানুষের হৃদয় জয় করেন।
উল্লেখ্য,শিল্পী চন্দন চৌধুরী বাংলাদেশের গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তবে তাঁর শৈশব কেটেছে ঢাকার শাহজাহানপুরে।খুব ছোট্ট বয়সে প্রিয় মায়ের হাতেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি। পরে ওস্তাদ ফজলুল হক ও নারায়ণ চৌধুরীর কাছে গান শিখেন। মাত্র ৩ বছর বয়সে তিনি শিশু শিল্পী হিসাবে বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয় করেন। ১৯৮১ তিনি ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী সম্পন্ন করেন। চন্দন চৌধুরী একাধারে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভূক্ত শিল্পী। সেই সঙ্গে তাঁর অভিনয় গুণ সাংস্কৃতিক অঙ্গণে তাঁকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।