রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
প্রায় দুই যুগ ধরে নিউইয়র্কের দর্শক-শ্রোতাদের অসাধারণ গায়কী দিয়ে আচ্ছন্ন করে রেখেছেন শিল্পী শামীম সিদ্দিকী। শুক্রবার কুইন্স প্যালেসে ছিল শিল্পীর একক সঙ্গীত সন্ধ্যা।
এত বৃষ্টির মাঝেও দর্শক-শ্রোতার স্বতস্ফুর্ত উপস্থিতি দেখে শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম বলেন,আপনাদের উপস্থিতিই বলে দেয় আমি একজন যোগ্য মানুষ ও শিল্পীকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছি। এই গুণী শিল্পী শামীম সিদ্দিকীর প্রতি আপনাদের ভালবাসায় আমি মুগ্ধ।
এরপর শিল্পী শামীম সিদ্দিকীর জীবন বৃত্তান্ত পড়ে শোনান অভিনেত্রী তমালিকা কর্মকার। তিনি জানান, মাত্র ৪বছর বয়সে শামীম সিদ্দিকীর সঙ্গীতে হাতে খড়ি। পররবর্তীতে সিলেট বেতার কেন্দ্রে গান পরিবেশনের মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক সঙ্গীত জীবনের শুরু। ইউনিসেফ কর্মকর্তা বাবা শরাফত সিদ্দিকীর আদরের সন্তান শামীম সিদ্দিকী প্রায় দুই যুগ ধরে আমেরিকা-কানাডায় বসবাস করা বাংলাদেশীদের তাঁর অসাধারণ গায়কী দিয়ে মুগ্ধ করে রেখেছেন। তিনি জানান, এ পর্যন্ত শিল্পীর বেশ কয়েকটি সলো ও ডুয়েট অ্যালবাম বের হয়েছে এবং প্রতিটি অ্যালবামই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তমালিকা কর্মকার জানান, সঙ্গীতে অবদানের জন্য শিল্পী শামীম সিদ্দিকী ৬ বার ঢালিউড এ্যাওয়ার্ড, ফোবানা এ্যাওয়ার্ড, এনআরবি এ্যাওয়ার্ডসহ অসংখ্য অসম্মাননা অর্জন করেছেন। সবচেয়ে বড় কথা তিনি দেশ ও বিদেশে দর্শক-শ্রোতার নিখাদ ভালবাসা আর শ্রদ্ধা অর্জন করেছেন বলে জানালেন তমালিকা কর্মকার।
হলরুম ভরা দর্শক-শ্রোতার তুমুল করতালিতে স্টেজে আসেন শিল্পী শামীম সিদ্দিকী। তিনি বলেন, আপনাদের এই ভালবাসাই আমাকে ভাল গান করার অনুপ্রেরণা দেয়। আমার প্রতি আপনাদের এই ভাললাগা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি।
গাড়ি চলেনা, চলেনা, চলেনারে, শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে... একের পর এক জনপ্রিয় গানগুলো গেয়ে শিল্পী মাতিয়ে রাখেন গোটা অডিটরিয়াম। বাইরে মুষলধারে বৃষ্টি আর ভিতরে শিল্পী শামীম সিদ্দিকীর গান যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। শিল্পীর গানগুলোর সঙ্গে দর্শকদের গলা মিলানো এক অন্যরকম আবহের তৈরি করেছিল। সবাই যেন ছিলেন বাংলা গানের মোহে আবিষ্ট।
শেষে শিল্পী শামীম সিদ্দিকীর হাতে তুলে দেওয়া ক্রেস্ট। এ সময় স্টেজে উপস্থিত ছিলেন শিল্পী বেবি নাজনীন, গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, আহসান হাবিবসহ অন্যরা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।