রবিবার, ০৩ জুলাই, ২০২২
পদ্মা সেতু উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই অনুষ্ঠিত হল আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। শনিবার ওয়েস্টচেস্টারের ক্রটনপার্ক এভিনিউ’র পিকনিক প্যাভিলিয়েন আয়োজিত এই বনভোজনে অংশ নেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবার পরিজন, বীর মুক্তিযোদ্ধাগণ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ ও পরিবার পরিজন।
শুরুতেই সামারের উষ্ণ আবহাওয়ায় সবাইকে সতেজ রাখতে হালকা নাস্তার সঙ্গে তরমুজ দিয়ে আপ্যায়ন করা হয়।
নাস্তার মাঝেই উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। তিনি বলেন, সাংবাদিক হলেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কমিউনিটির সবাইকে নিয়ে আমরা আজকের এই বনভোজনের আয়োজন করেছি। প্রেসক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম।
গোটা অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন অভি।
তবে সবকিছুতেই অভিভাবকের ভূমিকায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি লাবলু আনসার। সার্বিক তত্তাবধানে ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি তপন চৌধুরী, সুব্রত চৌধুরী, অর্থ সম্পাদক জামান তপন, প্রচার সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কার্যকরী সদস্য কানু দত্ত, আলীম খান আকাশ।
বনভোজন চলাকালীণ পর্যায়ক্রমে সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারীর নেতৃত্বে বনভোজনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেই সঙ্গে সম্মানীত অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, একুশে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, ৭১ টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শামীম আল আলামিন, সংবাদ পাঠিকা শামসুন্নাহার নিম্মি, ইউগা আর্টিস্ট আশরাফুন্নাহার লিউজা, জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, সহ সভাপতি মোহাম্মদ আলম অমি, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব,তরঙ্গ কেয়ার ইনকের সিইও নিলুফা শিরিন,মার্কস হোম কেয়ারের সিইও প্রকৌশলী মাহফুজুল হকসহ সকল স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নাস্তার পরপরই আলীম খান আকাশের নেতৃত্বে বারকিউ’র সুস্বাদু খাবার খুবই এনজয় করেন সকলে। কিছুটা বিরতি দেওয়ায় পরিবার পরিজন নিয়ে এদিক ওদিক ঘুরতে যান অনেকে। অনেকেই চাদর বিছিয়ে বসে যান জম্পেস আড্ডায়।
এবার পরিবেশন করা হয় দুপুরের খাবার। ঘরে রান্না করা বাঙ্গালী নানা পদের খাবারে আপ্যায়ন করা হয় ছোট বড় সব বয়েসি অতিথিদের। এর সঙ্গে চলে সঙ্গীতানুষ্ঠান। একুশে পদকপ্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রথীন্দ্র নাথ রায়,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, শাহ মাহবুব,সবিতা দাস, মার্শাল, মেহজাবিন মেহা,শাহ ফারুক ও শামীম আকতারের পরিবেশনায় মুগ্ধ বনভোজনে আসা দর্শক- শ্রোতা।
সঙ্গীতানুষ্ঠানের পরই শুরু হয় খেলা। ছোটদের দৌড়, মেয়েদের বালিশ খেলা ও ছেলেদের বল নিক্ষেপ-মোট তিনটি ইভেন্টে উপস্থিত প্রায় সবাই অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
সবশেষে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। ঢাকা-নিউইয়র্ক-ঢাকা বিমানের টিকেট, স্বর্ণের নেকলেস, স্বর্ণের চেইন,৫৫ ইন্চি টিভিসহ অসংখ্য পুরষ্কার জিতে নেন বনভোজনে অংশ নেওয়া সব শ্রেণী পেশার মানুষ।
সবমিলিয়ে উৎসবের আমেজে একটি দিন কাটিয়েছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজনে অংশ নেয়া প্রতিটি মানুষ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।