মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
রাজধানী ঢাকার যানজট সমস্যার দ্রুত সমাধান চান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। সমস্যার টেকসই সমাধান খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এবিষয়ে কথা বলেন। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
বুয়েটের অধ্যাপক ড. পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা মোয়াজ্জেম হোসেন যানজটের নানা কারণ উল্লেখ করে বলেন, ঢাকা শহরে যানজটে বছরে অন্তত ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা এ তথ্য জানানো হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ”আমাদের যানজট কমাতে হবে। আমাদের দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে হবে। “
বৈঠকে ট্রাফিক পুলিশকে কিছু পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে। শহরের কিছু সড়কে বাস থামানোর স্থানে বাস থামানোর সময় দুই মিনিটের কম রাখার ব্যবস্থা করা এবং পর্যায়ক্রমে তা অন্যান্য সড়কে প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আগামী সপ্তাহের শেষ নাগাদ ট্রাফিক সদস্যদের পুরোপুরি মোতায়েন করা যাবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন এ পুলিশ কর্মকর্তা।
বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লে. জেনারেল আবদুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।