রবিবার, ২৫ মে, ২০২৫
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি যে উনি পদত্যাগ করবেন।
কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়।
দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়।
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, তাঁদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। তিনি বলেন, ‘এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারব না।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেগুলো নিয়ে তাঁরা আলোচনা করেছেন। বিভিন্ন জায়গা থেকে কী প্রতিবন্ধকতা হচ্ছে, কার কী প্রতিবন্ধকতা হচ্ছে, সেগুলো দেখা হচ্ছে। তিনি বলেন, ‘বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার সেই কাজেও কী কী প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে, সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি।’
গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি ও রাষ্ট্রীয় সব সংস্থাকে লক্ষ্য অর্জনে সহায়তা করার আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘এটা তো আমাদের একার দায়িত্ব না।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, তাঁর বিপক্ষে যে কথাগুলো বলা হয়েছে, তা দলীয় বক্তব্য নয়। তিনি বলেন, ‘সে রকম কিছু যদি হতোই, তাহলে তো আমরা কেউ স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য নয়। কাজেই সে রকম হলে তো আমরা যে কেউ পদত্যাগ করতে পারতাম। কিন্তু আমাকে বলা হয়েছে যে আসলে দলীয়ভাবে এমন কোনো কথা আসেনি।’
বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের শক্তি এবং সমর্থনে এসেছে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ভিত্তিই জুলাই গণ-অভ্যুত্থান। সেখানে কাউকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে সেটা সমীচীন হবে না।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।